নরসিংদীতে কিশোরী ধর্ষণের পর মৃত্যুর অভিযোগ: বিচার দাবিতে উত্তাল এলাকা

খবরের ডাক ডেস্ক
প্রকাশিত জুলাই ২১, ২০২০
নরসিংদীতে কিশোরী ধর্ষণের পর মৃত্যুর অভিযোগ: বিচার দাবিতে উত্তাল এলাকা

নিজস্ব প্রতিবেদকঃ নরসিংদীর মনোহরদী উপজেলায় ১৭ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগের পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়দের অভিযোগ, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি সুমন মিয়া ও তার কয়েকজন সহযোগী ওই কিশোরীর ওপর বিগত ১৩ জুলাই সংঘবদ্ধভাবে যৌন নির্যাতন চালায়।

পরিবারের দাবি, ঘটনার পর গুরুতর আহত অবস্থায় কিশোরীকে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর ১৯ জুলাই তিনি মারা যান।এই ঘটনা  ধামাচাপা  ও ভিন্ন খাতে নেয়ার জন্য একটি মহল জোর প্রচেষ্টা চালাচ্ছে বলে জানা যায়।

স্থানীয় সূত্র জানায়, কিশোরীটি তার বৃদ্ধ দাদীর সঙ্গে বসবাস করতেন। পরিবারের অভিযোগ, ঘটনার পর থেকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করা হয় এবং বিষয়টি প্রকাশ না করার জন্য চাপ সৃষ্টি করা হয়।

এদিকে শিশু অধিকার নিয়ে কাজ করা এক সমাজকর্মী রোকসানা আক্তার ভুক্তভোগীর পরিবারের পাশে দাঁড়িয়ে আইনি সহায়তার ব্যবস্থা করেন। তার উদ্যোগে পরবর্তীতে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া শুরু হয় বলে জানা যায়। এ ব্যাপারে রোকসানা জানান, এই ধর্ষণ ঘটনা ভিন্ন খাতে নেবার জন্য প্রশাসন ও রাজনৈতিক মহল থেকে ভয়ভীতি ও হুমকি দেয়া হচ্ছে।

ঘটনার পর এলাকায় শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী বলেন,”মেয়েটি অত্যন্ত শান্ত স্বভাবের ছিল। ঘটনার পর তাকে যে অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল, তা দেখে পুরো এলাকাবাসী হতবাক হয়ে যায়। সবাই ভয় পাচ্ছিল, তাই প্রকাশ্যে কেউ কথা বলতে সাহস করেনি।”

আরেকজন স্থানীয় বাসিন্দা বলেন,”ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমরা চাই প্রশাসন নিরপেক্ষভাবে তদন্ত করুক এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিক।” একজন নারী অধিকারকর্মী বলেন,”যৌন সহিংসতার অভিযোগ অত্যন্ত গুরুতর। ভুক্তভোগী ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করা জরুরি।”

এলাকাবাসীর দাবি, ভুক্তভোগীর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করে দ্রুত বিচার নিশ্চিত করা হোক। একই সঙ্গে যৌন সহিংসতার মামলায় সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করারও আহ্বান জানিয়েছেন তারা।

এ বিষয়ে নিকটস্থ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, তারা এখনও কোনো লিখিত অভিযোগ পাননি এবং অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।