পডকাস্টে একবার গেলে ৩ মাস এই এক জিনিসই দেখা লাগে: শবনম ফারিয়া

খবরের ডাক ডেস্ক
প্রকাশিত নভেম্বর ৪, ২০২৬
পডকাস্টে একবার গেলে ৩ মাস এই এক জিনিসই দেখা লাগে: শবনম ফারিয়া

ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া তার সাবলীল অভিনয় এবং প্রাণবন্ত উপস্থিতির জন্য সবসময়ই দর্শকদের নজর কেড়ে থাকেন। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় নিজের ব্যক্তিগত অনুভূতি ও মতামত ভক্তদের সঙ্গে শেয়ার করতে দেখা যায় তাকে। এবার নিজের একটি ভিন্ন ও মজার অনুভূতির কথা প্রকাশ করে আলোচনায় এলেন এই তারকা।

এই অভিনেত্রী জানিয়েছেন, সামাজিক মাধ্যমে নিজের সাক্ষাৎকার দেখলেই অদ্ভুত এক অস্বস্তিতে ভোগেন তিনি।

সম্প্রতি নিজের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে শবনম ফারিয়া লেখেন, ‘বিভিন্ন পেজ থেকে আমার নিজের ইন্টারভিউ আমার হোম পেইজে আসলে এত ক্রিঞ্জ লাগে! নট ইন্টারেস্টেড দিয়ে হাইড করে দেই!’

পোস্টে নিজের এমন বিরক্তির কারণও খোলাসা করেছেন অভিনেত্রী। তিনি জানান, নিজের ভিডিও বা সাক্ষাৎকার দেখতেই তার কাছে এমন অদ্ভুত লাগে, যা অন্যদের কাছে আরও বেশি বিরক্তিকর ঠেকতে পারে বলে তার ধারণা। আর এ কারণেই মূলত পডকাস্ট বা টকশো থেকে দূরে থাকেন তিনি।

ফারিয়ার ভাষ্য, ‘আমারই এমন লাগে, অন্যদের জানি কেমন লাগে। বিশ্বাস করেন এজন্য আমি কোনো পডকাস্টে যাই না, একবার গেলে ৩ মাস এই এক জিনিসই দেখা লাগে।’

অভিনেত্রীর এই অকপটে স্বীকারোক্তি ভক্তদের নজর এড়ায়নি। তার পোস্টের কমেন্ট বক্সে হুমড়ি খেয়ে পড়েছেন অনুরাগীরা। মজার ছলে বা ভালোবেসে অনেকে ভিন্ন মতও প্রকাশ করেছেন। এক ভক্ত মন্তব্য করেছেন, ‘কী বলেন, আমার তো আপনার কথা শুনতে ভালোই লাগে।’ আরেকজন লিখেছেন, ‘আপনার কথাগুলো সুন্দর, ভালো লাগে।’

উল্লেখ্য, বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে শোবিজে পা রাখা শবনম ফারিয়া ২০১৩ সালে ‘অল টাইম দৌড়ের উপর’ নাটকের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। পরবর্তীতে ২০১৮ সালে বড়পর্দায় অভিষেক ঘটে তার আলোচিত সিনেমা ‘দেবী’-র মাধ্যমে। এই সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হিসেবে ‘বাচসাস পুরস্কার’ এবং শ্রেষ্ঠ নবীন অভিনয়শিল্পী হিসেবে মর্যাদাপূর্ণ ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’ অর্জন করেন।

পাশাপাশি ‘মুন্সিগিরি’ ও ‘মোবারকনামা’র মতো জনপ্রিয় ওয়েব সিরিজে অভিনয় করেও প্রশংসা কুড়িয়েছেন তিনি।