ধানের জমিতে মানুষের খণ্ডিত পা উদ্ধার

খবরের ডাক ডেস্ক
প্রকাশিত আগস্ট ২৬, ২০২৬
ধানের জমিতে মানুষের খণ্ডিত পা উদ্ধার

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে ধানের জমি থেকে মানুষের শরীরের খণ্ডিত একটি পা উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সকালে নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার চরুয়াটারী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে সড়ক দিয়ে চলাচলের সময় কয়েকজন পথচারী সড়কের পাশে ধানের জমিতে একটি খণ্ডিত পা পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। আতঙ্কিত হয়ে পড়ে সাধারণ মানুষ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খণ্ডিত পাটি উদ্ধার করে।

স্থানীয়রা আরও জানান, খণ্ডিত পায়ের পাশে রক্তাক্ত একটি পলিথিন পড়ে ছিল। তাদের ধারণা, কেউ অন্য স্থান থেকে পা এনে ধানের জমিতে ফেলে রেখে চলে গেছে।

নাগেশ্বরী থানার ওসি এনামুল হক প্রধান বলেন, সকাল সাড়ে ৭টার দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মানুষের একটি খণ্ডিত পা উদ্ধার করা হয়েছে। এটি কার শরীরের অংশ এবং কিভাবে সেখানে এলো তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই। পুিলিশ প্রকৃত ঘটনা উদঘাটনে কাজ শুরু করেছে।