ককটেল-আগুন সন্ত্রাস

খবরের ডাক ডেস্ক
প্রকাশিত নভেম্বর ১০, ২০২৬
ককটেল-আগুন সন্ত্রাস

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নতুন আতঙ্ক ককটেল ও আগুন সন্ত্রাস। কোনো কিছু বুঝে ওঠার আগেই ককটেল ফাটিয়ে ও বাসে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। রেহাই পাচ্ছে না ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) থানাগুলোও। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কার্যালয়ের সামনেও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। মূলত জনমনে আতঙ্ক তৈরি করতেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা এসব কর্মকাণ্ড ঘটাচ্ছেন বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। ইতোমধ্যে বেশ কয়েকজন গ্রেফতারও হয়েছেন।

গত কয়েক দিন ধরেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে চলছে নাশকতামূলক কর্মকাণ্ড। বিভিন্ন গণপরিবহণে অগ্নিকাণ্ডের ঘটনায় চরম উদ্বেগ দেখা দিয়েছে। সন্ধ্যা নামলেই বাড়ে দুর্বৃত্তদের তৎপরতা। বেশির ভাগ ক্ষেত্রে মোটরসাইকেলে এসে ককটেল মেরে দ্রুত পালিয়ে যাচ্ছে সন্ত্রাসীরা। সম্প্রতি রাজধানীতে অন্তত ১০টি বাসে আগুন ও গুরুত্বপূর্ণ স্থানে শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং ককটেল-আগুন সন্ত্রাসীদের প্রতিহত করতে মাঠ পুলিশে কঠোর বার্তা দিয়েছে পুলিশ সদর দপ্তর। তৎপরতা বৃদ্ধিসহ একগুচ্ছ পরিকল্পনা নিয়ে মাঠে সক্রিয় হয়েছে পুলিশ।

ডিএমপির দায়িত্বশীল ঊর্ধ্বতন কর্মকর্তারাও মাঠে নেমেছেন। সোমবার থেকে রাজধানীজুড়ে পুলিশের ব্যাপক তৎপরতা লক্ষ করা গেছে। ১৫৮টি অতিরিক্ত চেকপোস্ট বসিয়ে তল্লাশি এবং মোটরসাইকেলে তৎপর রয়েছে পুলিশের টিম। সন্ধ্যার পর অতিরিক্ত কমিশনার থেকে শুরু করে সব পর্যায়ের কর্মকর্তা মনিটরিংয়ে রয়েছেন। ফ্লাইওভারগুলোর প্রতি রয়েছে বাড়তি নজর। বসানো হয়েছে চেকপোস্ট। এছাড়া সাইবার স্পেসেও রয়েছে বাড়তি নজর।

সোমবারও সকাল থেকে রাত পর্যন্ত এসব নাশকতায় জড়িত থাকা অন্তত ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এত নিরাপত্তার ভেতরও গতকাল রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. আহসান হাবীব পলাশ যুগান্তরকে বলেন, আমরা প্রতিনিয়ত ভিজিলেন্স বাড়ানোর জন্য বলছি। ধারাবাহিকভাবে বার্তা দিচ্ছি। পুলিশ সদস্যদের আরও সতর্ক হওয়ার কথা বলছি। এক প্রশ্নের জবাবে অতিরিক্ত আইজিপি বলেন, ঢাকায় লাখ লাখ মোটরসাইকেল। এসব মোটরসাইকেল ধরে চেক করতে গেলে রাস্তায় জ্যাম লেগে যায়। এমন বহু রকমের সমস্যা রয়েছে। ঢাকার সমস্যা তো আনকাউন্টেবল। আরও সতর্ক অবস্থায় থাকার জন্য তৃণমূল পর্যায়ে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের বলা হয়েছে।

ফার্মগেট-মিরপুরে দুটি বাসে আগুন, সিএমএম আদালত প্রাঙ্গণসহ রাজধানীর ১৩টি স্থানে ২৭ ককটেল বিস্ফোরণ : সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে ‘লাভলী’ পরিবহণের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এর পরপরই পুরো মেট্রোরেল স্টেশনে ফায়ার এলার্ম বাজতে শুরু করে। এতে মানুষজন ভয়ে ছোটাছুটি শুরু করেন। এরপর বন্ধ করা হয় ফার্মগেটে মেট্রোরেল স্টেশনটি।

সোমবার রাত ৯টার দিকে পল্লবী থানার ১১ নম্বর সেকশনের পোস্ট অফিসসংলগ্ন সড়কে পার্কিং করে রাখা বসুমতি পরিবহণের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। পল্লবী থানার ওসি মো. জালাল উদ্দিন যুগান্তরকে বলেন, দুদিন আগে বাস মালিক সমিতির নেতাদের সঙ্গে পুলিশের বৈঠক হয়েছে। সেখানে বাসের নিরাপত্তা জোরদার এবং সড়কে বাস পার্কিং না করার বিষয়ে সতর্ক করা হয়েছে। এ ধরনের ঘটনা এড়াতে বাস মালিকদেরও সতর্ক থাকা উচিত।

এর আগে সন্ধ্যায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ফয়সাল ও সুকুমার হালদার নামে দুজনকে হাতেনাতে আটক করে পুলিশ। তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ডিএমপি প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মহিউদ্দিন মাহমুদ সোহেল জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তাদের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

একই সময়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় আবারও দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় শিক্ষার্থীরা সন্দেহভাজন দুজনকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেন। তাদের কাছ থেকে একটি ব্যাগে একাধিক ককটেল পাওয়া যায়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ইশরাফিল রতন বলেন, আটক ব্যক্তিদের থানায় সোপর্দ করা হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয় এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

মালিবাগ মোড়ে গ্যাস পাম্পের সামনে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ বিষয়ে জানতে চাইলে শাহজাহানপুর থানার ওসি আমিরুল ইসলাম জানান, পলওয়েল জি-গ্যাস স্টেশনের সামনে একটি ও বিপরীত পাশে দুটি ককটেল বিস্ফোরিত হয়।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দারুস সালাম থানাধীন মিরপুর-১ নম্বর গোল চত্বর এলাকায় দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে ওমর আলী (৬০) নামে রিকশা আরোহী আহত হন। পরে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। ওমর আলীর বাম পা ও চোখে গুরুতর আঘাত লেগেছে।

সোমবার রাত পৌনে ১০টার দিকে মোহাম্মদপুর টোকিও স্কয়ারের সামনে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর আগে রাত সাড়ে ৯টার দিকে মগবাজারের চেকপোস্টে অভিযান চালিয়ে ওই চারজনকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান। তিনি বলেন, রাত ৯টা ৪০ মিনিটের দিকে আদাবরে টোকিও স্কয়ারের সামনে পরপর চারটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। তবে এসব বিস্ফোরণে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রাত সাড়ে ৯টার দিকে হাতিরঝিল থানার অধীন মগবাজার পুলিশ চেকপোস্টে ককটেল নিক্ষেপ করার চেষ্টা করলে চারজনকে হাতেনাতে আটক করে পুলিশ।

সোমবার ভোরে শ্যামলী রিং রোড এলাকা থেকে ছয়টি পেট্রোল বোমা ও ৯৫০ গ্রাম গানপাউডারসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২। গ্রেফতার দুজন হলেন মো. মাহবুব হোসেন (২৯) ও মো. রাশেদ কবির (২৮)। তাদের মধ্যে মাহবুব ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। এসআরবি-২-এর মিডিয়া কর্মকর্তা মেজর এম মুবীন রহমান তাপস এ তথ্য জানান। রাত সাড়ে ৮টার দিকে মিরপুর ১৩ নম্বর বিআরটিএর গেটের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কাফরুল থানার ওসি মো. সাইফুল ইসলাম। রাত পৌনে ৯টার দিকে টেকনিক্যাল মোড়ে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

অন্যদিকে রাত ১০টার দিকে তিতুমীর কলেজের গেটের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। এ সময় হাতেনাতে একজনকে আটক করেছেন শিক্ষার্থীরা। এর আগে সকাল ৭টার দিকেও কলেজের গেটের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। অন্যদিকে রাত ৯টার দিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে সড়ক থেকে বনানী কবরস্থান গেটের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। এসব তথ্য নিশ্চিত করেছেন বনানী থানার ওসি সালাহউদ্দিন আহমেদ। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় গেটসংলগ্ন এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও জবি ছাত্রলীগ কর্মী রেজওয়ান আহমেদকে আটক করেন শিক্ষার্থীরা।

এছাড়াও রাত সোয়া ৮টার দিকে যাত্রাবাড়ী জনপদ মোড় ফ্লাইওভারের প্রবেশমুখে পুলিশের চেকপোস্টে পাঁচটি ককটেলসহ মোহাম্মদ সাইফুল ইসলাম (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার ব্যবহৃত একটি রয়েল এনফিল্ড মোটরসাইকেল জব্দ করা হয়। এসব তথ্য নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার ওসি মো. রাজু।

এর আগে সোমবার সকালে রামপুরা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে একটি মিছিল থেকে ছয়টি ককটেল বিস্ফোরণ ঘটে। কাছাকাছি সময়ে রামপুরা বনশ্রী এলাকায় দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। এ সময় পুলিশ শ্রাবণ সরদার (২০) ও রবিন (২৭) নামে দুজনকে গ্রেফতার করে। অন্যদিকে রোববার রাতে দারুস সালাম থানা এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য রাজু আহমেদকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর আগে সন্ধ্যা পৌনে ৭টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে একটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। তবে সেটি বিস্ফোরণ ঘটেনি। পরে পুলিশ সেটি নিষ্ক্রিয় করে। পরে ৭টার দিকে ইকুরিয়া বাজার এলাকায় আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এদিকে নাশকতার অর্থ জোগানের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সোয়া ১১টার দিকে লালবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করে লালবাগ থানার ওসি জামিল হোসাইন জানান, লালবাগ থানার ২৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সর্বশেষ কমিটির সভাপতি মো. দিপু (৪০) এবং স্বেচ্ছাসেবক লীগের ২৪ নম্বর ওয়ার্ড বাজার ইউনিটের সাবেক সহসভাপতি মো. ফারুক (৪৮) রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনায় অর্থ জোগান দিয়ে আসছিল। তারা বিদেশে থাকা নেতাদের দেওয়া অর্থ ও নির্দেশনায় নাশকতার বাস্তবায়নে কাজ করছিল।

সোমবার রাত পৌনে ১২টার দিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আহসানউল্লাহ হলের ১৩৭ নম্বর কক্ষের জানালার পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে জানালার কাচ ভেঙে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর কিছুক্ষণ পর রাত ১২টার দিকে চানখারপুলে জনতা ব্যাংকের ঢাকা মেডিকেল শাখার সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনায় এক পথচারী আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে স্থানীয়রা।

এর আগে, রোববার রাত ৮টার দিকে পল্লবী থানার পাশের ফ্লাইওভারের ওপর থেকে থানা প্রাঙ্গণে একটি ককটেল নিক্ষেপ করা হয়। রাত সাড়ে ৮টার দিকে মিরপুর-১ নম্বর সনি হলের সামনে একটি প্রাইভেটকারের ওপর ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। একই দিন রাত সাড়ে ৭টার দিকে মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রোববার রাতে ডিএমপির রূপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণের চেষ্টাকালে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের এক সদস্যকে ককটেলসহ হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। টিএসসি, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পাশে, ভিসি চত্বর এবং নীলক্ষেত-সংলগ্ন মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে এসব বিস্ফোরণ ঘটে। টিএসসি এলাকায় রোববার ককটেল বিস্ফোরণের পর তিনজনকে আটক করা হয়। শনিবারও রাজধানীর মহাখালী চেয়ারম্যান বাড়ি এলাকায় সেতু ভবনের সামনে ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

এমন বাস্তবতায় সোমবার থেকে ককটেল সন্ত্রাস ঠেকাতে কঠোর পদক্ষেপ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রাজধানীজুড়ে ঝুঁকিপূর্ণ পয়েন্ট চিহ্নিত করে নতুন করে ১৫৮টি চেকপোস্ট বসানো হয়েছে। মোটরসাইকেল নিয়েও তৎপর রয়েছে পুলিশের টিম।

জানতে চাইলে ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন যুগান্তরকে বলেন, ককটেল সন্ত্রাস কঠোরভাবে প্রতিরোধে সোমবার থেকে নতুন করে আমরা ইনিশিয়েটিভ (পদক্ষেপ) নিচ্ছি। ডিএমপির বিভিন্ন স্থানে ১৫৮টি অতিরিক্ত চেকপোস্ট বসিয়েছি। তিনি বলেন, বিভিন্ন বাস-মালিকদের সঙ্গে একটি মিটিং হয়েছে। বাসগুলো যেন তারা নিরাপদে রাখেন। ঢাকা মহানগর গোয়েন্দা (দক্ষিণ) পুলিশের যুগ্ম কমিশনার সৈয়দ হারুন অর রশীদ বলেন, এ বিষয়ে আমাদের মনিটরিং আছে। কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে।

বরগুনায় পার্কিং করা বিআরটিসি বাসে মধ্যরাতে আগুন : বরগুনা পুলিশ লাইন্সের সামনের সড়কে পার্কিং করে রাখা বিআরটিসির একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। রোববার মধ্যরাতে এ ঘটনা ঘটে। এতে বাসটির কিছু অংশ পুড়ে গেলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

সাভারে দুই বাসে আগুন : সাভারে দুই বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুটি মামলা হলেও গ্রেফতার হয়নি কেউ। পুলিশ জানায়, সোমবার ভোরে সাভার উপজেলার মেইন গেটের উত্তর পাশে আর্মি সলিভিউশন স্কুলের সামনে একটি পোশাক কারখানার শ্রমিকদের পরিবহণের গাড়িতে আগুন দেওয়া হয়। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বাসের ৬০ শতাংশ পুড়ে যায়।

সোমবার ভোর রাতে সাভার মডেল থানাধীন বলিয়ারপুর বাসস্ট্যান্ডে ঢাকা-আরিচাগামী লেনের টাটা সার্ভিসিং সেন্টারের সামনে রাখা ইতিহাস পরিবহণের একটি বাস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর :

মানিকগঞ্জ ডিসি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ : মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সোমবার সন্ধ্যায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মোটরসাইকেলে এসে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। স্থানীয়দের ধারণা-নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মসূচিকে সামনে রেখে এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।

রূপগঞ্জে বিআরটিসি বাসে আগুন : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার নলপাথর এলাকার টিএম মাস্টার ফিলিং স্টেশনের মাঠে পার্কিং করা বিআরটিসি বাসে (ঢাকা মেট্রো-ব-১১-৬৫৩১) আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার রাত ২টার দিকে ৯ সদস্যের একদল দুর্বৃত্ত তিনটি মোটরসাইকেলে এসে আগুন দিয়ে চলে যায়।

গাজীপুরে দুই বাসে আগুন : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে ফেলে রাখা আজমেরী পরিবহণের যাত্রীবাহী দুটি বাসে অগ্নিংযোগ করেছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় থেকে ঢাকায় চলাচলকারী আজমেরী পরিবহণের একটি বাস ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ফরেস্ট অফিসের পাশে দাঁড় করিয়ে রাখা ছিল। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। একই এলাকায় কাজলী ফিলিং স্টেশনের পাশে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কয়েকজন দুর্বৃত্ত মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি বাসে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করে। কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, একই মালিকের দুটি বাস দুই থেকে তিন মাস ধরে ফেলে রাখা হয়েছে। দুটিতেই ইঞ্জিনসহ গুরুত্বপূর্ণ মালামাল ছিল না।

পোস্তগোলা ব্রিজে ভ্যানে আগুন, চালক উধাও : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পোস্তগোলা ব্রিজের ওপর নারিকেলের ছোবড়া বোঝাই একটি তিন চাকার ভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাসনাবাদ এলাকায় ব্রিজের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে। অগ্নিসংযোগের পর ভ্যানচালক দ্রুত পালিয়ে যান। খবর পেয়ে পোস্তগোলা ফায়ার স্টেশনের কর্মীরা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ভ্যানটিতে একটি খালি গ্যাস সিলিন্ডার ও নারিকেলের ছোবড়া ছিল। তবে ভ্যানটিতে কে বা কারা আগুন দিয়েছে এবং এর পেছনে কী উদ্দেশ্য ছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।