বিয়ানীবাজারে অভিযানে বাড়িঘর ভাঙচুর, পরিবারের সদস্যের ওপর হামলার অভিযোগ

খবরের ডাক ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ২০, ২০২৪
বিয়ানীবাজারে অভিযানে বাড়িঘর ভাঙচুর, পরিবারের সদস্যের ওপর হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক | বিয়ানীবাজার, সিলেট: সিলেটের বিয়ানীবাজার উপজেলার বাগবাড়ি এলাকায় এক প্রবাসী ব্যক্তির বাড়িতে পুলিশের অভিযানের সময় ভাঙচুর এবং তাঁর বড় ভাইকে মারধরের অভিযোগ উঠেছে। গত ১৬ ডিসেম্বর ২০২৪ তারিখে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর নেতৃত্বে একদল পুলিশ সদস্য ওই বাড়িতে অভিযান চালান বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, পুলিশ সদস্যরা কোনো পরোয়ানা ছাড়াই বাড়িতে প্রবেশ করেন। এ সময় তাঁরা বাড়ির বিভিন্ন কক্ষে তল্লাশি চালান এবং ঘরের আসবাবপত্র ও মালামাল তছনছ করেন। অভিযানের একপর্যায়ে পরিবারের সদস্য আবদুল হককে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে, এতে তিনি শারীরিকভাবে আহত হন।

পরিবারের দাবি, কানাডায় অবস্থানরত মো. জাবিরুল হক জাবির বিয়ানীবাজারের বাগবাড়ি এলাকার বাসিন্দা এবং স্থানীয়ভাবে ‘রুম্মান স্কুল ড্রেস’ নামে একটি ব্যবসা পরিচালনা করতেন। অতীতে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ও রাজনৈতিক কর্মীর কাছ থেকে হুমকি এবং হয়রানির শিকার হওয়ার পর তিনি নিরাপত্তার কারণে বাংলাদেশ ছেড়ে কানাডায় আশ্রয় নেন।

পরিবারের সদস্যরা আরও জানান, জাবির বাংলাদেশে অবস্থানকালেও আইন-শৃঙ্খলা রক্ষকারী বাহিনী তাঁকে আটক করে এবং জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন ও ভয়ভীতি প্রদর্শন করে। পরবর্তীতে স্থানীয় পুলিশ তাঁর পরিবারের সদস্যদের ওপর বিভিন্ন উপায়ে চাপ প্রয়োগ করে আসছিল। এসব ঘটনায় তাঁর ভাই আবদুল হক আইন-শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)-এর কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ রয়েছে, লিখিত অভিযোগ দায়ের করার প্রতিক্রিয়ায় স্থানীয় পুলিশ পরিবারটিকে বিভিন্নভাবে হুমকি ও হয়রানি করতে থাকে। তারই ধারাবাহিকতায় গত ১৬ ডিসেম্বরের ওই অভিযান চালানো হয়। অভিযানের নামে বাড়িতে ভাঙচুর ও বড় ভাইকে শারীরিক নির্যাতনের ঘটনায় পরিবারটি বর্তমানে গভীর আতঙ্কের মধ্যে রয়েছে।

পরিবারের পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করে বলা হয়, কোনো ব্যক্তির অবস্থান জানতে তাঁর বাড়িতে এভাবে বেআইনি অভিযান চালানো এবং পরিবারের নির্দোষ সদস্যকে শারীরিক নির্যাতন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কোনো অভিযোগ বা তদন্তের প্রয়োজন থাকলে আইনানুগ পদ্ধতি অনুসরণ করা উচিত ছিল।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে পরিবারের সদস্যদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

এ বিষয়ে মন্তব্য জানতে বিয়ানীবাজার থানা-পুলিশ বা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে তারা কোনো ধরনের বক্তব্য প্রদানে অপারগতা প্রকাশ করেন।