নেতানিয়াহু বিদায় নিলেও ইসরাইলে টিকে থাকছে তার উগ্র ডানপন্থি নীতি

খবরের ডাক ডেস্ক
প্রকাশিত নভেম্বর ১৪, ২০২৬
নেতানিয়াহু বিদায় নিলেও ইসরাইলে টিকে থাকছে তার উগ্র ডানপন্থি নীতি

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বিরোধীরা যখন উঠেপড়ে লেগেছে, তখন সবার নজর তার সরকারের দুই কট্টর ডানপন্থি মন্ত্রীর দিকে। তারা হলেন অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এবং জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। গাজায় যুদ্ধ এবং প্রতিবেশী দেশগুলোতে হামলার পক্ষে ইসরাইলের প্রায় সব নেতা একমত হলেও, আন্তর্জাতিক মহল ও পশ্চিমা দেশগুলোর সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়েছেন এই দুই মন্ত্রী।

সম্প্রতি সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটকে নিয়ে নেতানিয়াহুর নতুন ঐক্য সরকার গঠনের গুঞ্জন উঠলে স্মোট্রিচ ও বেন-গভির এর তীব্র বিরোধিতা করেন। বেন-গভির সাফ জানিয়ে দিয়েছেন, ইসরাইলকে বাঁচাতে নেতানিয়াহুকে হয় তাকে, নয়তো আইজেনকোটকে বেছে নিতে হবে। অন্যদিকে, স্মোট্রিচ তার মিত্র দলগুলোকে সতর্ক করে বলেছেন, আইজেনকোটের সঙ্গে হাত মেলালে নেতানিয়াহুকে সরানোর পর তিনি তাদের ছুড়ে ফেলে দেবেন।

২০২২ সালে উগ্র ডানপন্থি দলগুলোর সাথে জোট বেঁধে সরকার গঠন করেন নেতানিয়াহু। সেই সুবাদে স্মোট্রিচ অর্থ মন্ত্রণালয়ের পাশাপাশি পশ্চিম তীরের প্রশাসনিক ক্ষমতা পান এবং বেন-গভির পান জাতীয় নিরাপত্তার দায়িত্ব। গত তিন বছরে তারা নিজেদের চরমপন্থী আদর্শ অনুযায়ী মন্ত্রণালয়গুলোকে সাজিয়েছেন। গাজায় ত্রাণ বন্ধ রাখা ও সাধারণ মানুষ হত্যার চাপে নেতানিয়াহু যখনই কিছুটা নমনীয় হতে চেয়েছেন, তখনই তারা সরকার ফেলে দেওয়ার হুমকি দিয়েছেন। তারা প্রকাশ্যেই গাজা দখল এবং সেখান থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করার দাবি জানিয়ে আসছেন। পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপন ও ফিলিস্তিনিদের ওপর হামলার কারণে ২০২৫ সালের জুনে আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস তাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেয় এবং বেশ কয়েকটি পশ্চিমা দেশ তাদের সম্পদ জব্দ করে।

বিশ্লেষকদের মতে, সরকার থেকে বাদ পড়লে এই দুই নেতার ওপর দুই রকম প্রভাব পড়বে। গবেষক আরি পার্লিগার মনে করেন, বেন-গভিরের রাজনীতি মূলত মাঠ গরম করা বক্তব্যের ওপর নির্ভরশীল, তাই বিরোধী দলে থাকলে তিনি আরও বেশি সুবিধা পাবেন। কিন্তু স্মোট্রিচ কাজ করেছেন সরকারি ক্ষমতা ও বাজেট ব্যবহার করে। তিনি আলাদা প্রশাসনিক কাঠামো তৈরি করে পশ্চিম তীরে বসতি বাড়িয়েছেন এবং স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের ধারণাকে ধ্বংস করার ঘোষণা দিয়েছেন। তাই ক্ষমতা হারালে স্মোট্রিচই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন।