মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়েছে বাংলাদেশ এইচপি। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে মেহরব হাসানের দল নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে। জবাবে দুর্দান্ত বোলিংয়ের সামনে মাত্র ১৬ ওভারে ৬৯ রানেই গুটিয়ে যায় মালয়েশিয়া।
শুরু থেকেই মালয়েশিয়ার ব্যাটিং লাইনআপে চাপ তৈরি করেন বাংলাদেশের বোলাররা। ইনিংসের প্রথম বলেই উইকেট নিয়ে বাংলাদেশকে দুর্দান্ত সূচনা এনে দেন আবু হায়দার রনি। মালয়েশিয়ার ওপেনার নাজমুস সাকিবকে বোল্ড করে দেন এই পেসার। প্রথম ওভারেই ধাক্কা খাওয়া সফরকারীরা দ্বিতীয় ওভারেও হারায় আরেকটি উইকেট। ওপেনারকে বোল্ড করেন রুবেল হাসান।
এরপর আর ম্যাচে ফিরতে পারেনি মালয়েশিয়া। দলীয় ৫০ রান পূর্ণ হওয়ার আগেই ৬ উইকেট হারিয়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় তারা। শেষ পর্যন্ত পরাজয়ের ব্যবধান কমানোর চেষ্টা করেন ব্যাটাররা। দলের হয়ে সর্বোচ্চ ২৫ বলে ২৯ রান করেন আহমেদ আকিল ওয়াহিদ। বাংলাদেশের হয়ে রুবেল হাসান ও রাকিবুল হাসান দুটি করে উইকেট শিকার করেন।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ এইচপি দলের টপ অর্ডার। একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিকরা। তবে আব্দুল গাফফার সাকলাইনের কার্যকর ব্যাটিং এবং অধিনায়ক এস এম মেহরবের দায়িত্বশীল ইনিংসে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।
ইনিংসের দ্বিতীয় ওভারেই কোনো রান করার আগেই সাজঘরে ফেরেন ওপেনার জিসান আলম। এরপর পাওয়ার প্লের শেষ ওভারে ১৫ রান করে আউট হন আরিফুল। প্রথম ৬ ওভার শেষে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৫০ রান।
অষ্টম ওভারের প্রথম বলেই ১৮ বলে ২৮ রান করে আউট হন জাওয়াদ আবরার। এরপর প্রীতম কুমারকে সঙ্গে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন সাব্বির রহমান। তবে নবম ওভারে সীমানায় ক্যাচ দিয়ে ফেরেন প্রীতম। বড় ইনিংস খেলতে না পেরে ১২ বলে ১৪ রান করে সাজঘরে ফেরেন সাব্বিরও। ১০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ছিল ৭৫ রান।