কোনো দেশের ভয়ে তিস্তা প্রকল্পে গড়িমসি করা যাবে না: এটিএম আজহার

খবরের ডাক ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১৬, ২০২৬
কোনো দেশের ভয়ে তিস্তা প্রকল্পে গড়িমসি করা যাবে না: এটিএম আজহার
কোনো দেশের ভয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে গড়িমসি না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বগুড়ায় ১১ দলীয় ঐক্যের আয়োজনে এক প্রেস ব্রিফিংয়ে এ আহ্বান জানান তিনি।
এটিএম আজহার বলেন, ‘তিস্তা প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর চীন সফর ও সংসদে আলোচনার পর আমরা আশাবাদী হয়েছিলাম। কিন্তু এখন প্রকল্পটি খুব ধীরগতিতে এগোচ্ছে। আমাদের কানে আসে, কোনো এক দেশের ভয়ে সরকার তিস্তা প্রকল্প বাস্তবায়নে গড়িমসি করছে।’
তিনি বলেন, বাংলাদেশের জাতীয় স্বার্থ কোনো দেশের ভয়-ভীতির কাছে বিসর্জন দেওয়া উচিত নয়। ১৮ কোটি মানুষের ওপর আস্থা রেখে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করার আহ্বান জানান তিনি।
এটিএম আজহারুল ইসলাম আরও অভিযোগ করেন, দেশে দখলদারি ও চাঁদাবাজি বেড়েছে। রাস্তাঘাটে ও ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদার কারণে পণ্যের দামও বাড়ছে বলে দাবি করেন তিনি।
দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নিতে হবে। তার ভাষায়, জনগণের ভাষা বুঝতে না পারলে যেকোনো সরকারের পরিণতি পতিত স্বৈরাচারী সরকারের মতো হতে পারে।

আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর লংমার্চের কর্মসূচি ঘোষণা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, সকাল ৮টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে লংমার্চ শুরু হবে। পথে সিরাজগঞ্জের হাটিকুমরুল ও বগুড়ার মাটিডালিতে পথসভা হবে। ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা এতে অংশ নেবেন।
প্রেস ব্রিফিংয়ে জামায়াত ও ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।