খেলা ডেস্ক: ২০২৭ আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার ১২টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্ট।
বৃহস্পতিবার এক ঘোষণায় আইসিসি ভেন্যুগুলোর নাম প্রকাশ করে। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে আয়োজিত অনুষ্ঠানে স্বাগতিক তিন দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে ভেন্যু ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকার সাবেক ও বর্তমান ক্রিকেট তারকা গ্রায়েম স্মিথ, মাখায়া এনটিনি, হাশিম আমলা, টেম্বা বাভুমা ও কাগিসো রাবাদা উপস্থিত ছিলেন। এছাড়া জিম্বাবুয়ের হ্যামিল্টন মাসাকাদজা এবং নামিবিয়ার রুডলফ জানসেন ভ্যান ভুরেনও অনুষ্ঠানে অংশ নেন।
দক্ষিণ আফ্রিকার আটটি ভেন্যু হলো ওয়ান্ডারার্স স্টেডিয়াম (জোহানেসবার্গ), সেঞ্চুরিয়ন (শোয়ানে), নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ড (কেপ টাউন), কিংসমিড ক্রিকেট গ্রাউন্ড (ডারবান), সেন্ট জর্জস পার্ক (গেবেখা), মানগাউং ওভাল (ব্লুমফন্টেইন), বোল্যান্ড পার্ক (পার্ল), বাফেলো পার্ক (কুগোমপো সিটি)।
জিম্বাবুয়ের তিনটি ভেন্যু হলো হারারে স্পোর্টস ক্লাব (হারারে), কুইন্স স্পোর্টস ক্লাব (বুলাওয়েও) এবং নতুন নির্মিত ফালে মোসি-ওয়া-টুনিয়া আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম (ভিক্টোরিয়া ফলস)। নামিবিয়ার ম্যাচগুলো খেলা হবে নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডে (উইন্ডহুক)।
আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেন, “২৪ বছর পর আফ্রিকায় ওয়ানডে বিশ্বকাপের প্রত্যাবর্তন ক্রিকেটের জন্য একটি স্মরণীয় মুহূর্ত। আমরা বিশ্বাস করি, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া যৌথভাবে একটি অবিস্মরণীয় টুর্নামেন্ট উপহার দেবে।”
২০২৭ বিশ্বকাপে মোট ৫৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এবারের আসরে নতুন তিন-ধাপের প্রতিযোগিতা পদ্ধতি অনুসরণ করা হবে।