নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি: আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত প্রেস কনফারেন্সে অংশ নিতে যাওয়ার আগে সিলেটে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর নেতা মো. ইজাজুল হক ইকবালের ওপর হামলার অভিযোগ উঠেছে। ৩০ আগস্ট ২০২৩ সকালে তার নিজ বাসায় এ হামলার ঘটনা ঘটে বলে তিনি জানিয়েছেন।
এলডিপির সিলেট শাখা আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে ওই দিন একটি প্রেস কনফারেন্সের আয়োজন করে। দলটির সিলেট শাখার সাংগঠনিক সম্পাদক ইজাজুল হক ইকবাল কর্মসূচিটি আয়োজনের সঙ্গে যুক্ত ছিলেন। তার দাবি, কর্মসূচিকে কেন্দ্র করে এর আগে তাকে হুমকিমূলক ফোন দেওয়া হয়েছিল।
ইজাজুল ইকবালের ভাষ্য অনুযায়ী, ৩০ আগস্ট সকালে তিনি প্রেস কনফারেন্সে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় আওয়ামী লীগের স্থানীয় কর্মী হিসেবে পরিচিত সশস্ত্র গুন্ডা বাহিনী তার বাসায় আসে। তাদের নেতৃত্বে তইমুজ খান ও সুমন আহমদ ছিলেন বলে তিনি দাবি করেন। তারা প্রেস কনফারেন্সের আয়োজন বন্ধ করার জন্য তাকে চাপ দেয়। তিনি এতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয়।
হামলায় ইজাজুল মাটিতে পড়ে অচেতন হয়ে যান বলে তার স্ত্রী দাবি করেন। পরে পরিবার ও স্থানীয় লোকজন এর সহায়তায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ইজাজুল হক ইকবালের স্ত্রী তান্নি বেগম অভিযোগ করেন তার স্বামী রাজনৈতিক ও মানবাধিকার কর্মকাণ্ডের কারণে তাকে হামলা ও হুমকির মুখে পড়তে হয়েছে। পুলিশ এর কাছে এ ঘটনায় কোনো সাহায্য তারা পাননি।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে সুমন আহমদ ও তৈমুজ খানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা ফোন ধরেননি।
সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।