ডেস্ক নিউজ: এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন আজ মঙ্গলবার (১১ আগস্ট) থেকে শুরু হয়েছে। শিক্ষার্থীরা আগামী ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে এ আবেদন করতে পারবেন। সরাসরি বা ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি গত ৮ আগস্ট এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত পুনর্নিরীক্ষণের আবেদন নেওয়া হবে। এ সংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
প্রতিটি বিষয়ের পত্র পুনর্নিরীক্ষণের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। বাংলা ও ইংরেজির মতো দুই পত্রের বিষয়ে পুনর্নিরীক্ষণ চাইলে উভয় পত্রের জন্য আবেদন করতে হবে। নির্ধারিত ফি বিকাশ, নগদ ও সোনালী সেবার মাধ্যমে অনলাইনে পরিশোধ করা যাবে।
একবার আবেদন জমা দেওয়ার পরও কোনো শিক্ষার্থী অতিরিক্ত বিষয়ের জন্য পুনর্নিরীক্ষণ চাইলে নতুন করে আবেদন করতে পারবেন। তবে এ ক্ষেত্রে নতুন মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।
ফি দেওয়ার আগে নির্বাচিত বিষয়ে ভুল থাকলে তা সংশোধনের সুযোগ রয়েছে। ‘মুছে ফেলুন’ অপশনে গিয়ে ভুল বা অনাকাঙ্ক্ষিত বিষয় বাদ দিয়ে নতুন বিষয় নির্বাচন করা যাবে। তবে একবার ফি পরিশোধ হয়ে গেলে নির্বাচিত বিষয় পরিবর্তন বা বাতিল করা যাবে না। একই সঙ্গে পরিশোধ করা ফিও ফেরত দেওয়া হবে না।