স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সম্ভব নয়: নাহিদ ইসলাম

খবরের ডাক ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সম্ভব নয়: নাহিদ ইসলাম
বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে বহাল রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে দলের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, স্থানীয় সরকার নির্বাচনসহ সামগ্রিক রাজনৈতিক ও প্রশাসনিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
নাহিদ ইসলাম বলেন, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন সময়ে এমন কিছু বক্তব্য দিয়েছেন, যা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। তার দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগও করেন তিনি। সংস্কার কার্যক্রম নিয়েও স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের সঙ্গে বিভ্রান্তিকর ও প্রতারণামূলক বক্তব্য দিয়েছেন বলে দাবি করেন এনসিপির এই নেতা।
তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যে স্বাভাবিক অবস্থায় নেই, তা এখন জনগণের কাছেও স্পষ্ট। এ পরিস্থিতির দায় বর্তমান সরকার, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর বর্তায় বলে মন্তব্য করেন তিনি।