জামালপুরে চোর সন্দেহে তিনজনকে পিটুনি, নিহত ১

খবরের ডাক ডেস্ক
প্রকাশিত আগস্ট ১৫, ২০২৬
জামালপুরে চোর সন্দেহে তিনজনকে পিটুনি, নিহত ১

অনলাইন ডেস্ক: জামালপুরের ইসলামপুরে যমুনা নদীতে জাল চুরির সন্দেহে তিনজনকে ধাওয়া করে পেটানোর ঘটনায় নুর মোহাম্মদ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার বেলগাছা ইউনিয়নের বরুল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নুর মোহাম্মদ (৫০) গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কুন্দেরপাড়া গ্রামের ময়েন শেখের ছেলে। আহতরা হলেন, গাইবান্ধা বাটিকামারি এলাকার ছলিম বেপারীর ছেলে জাহাঙ্গীর (৪০) ও জামালপুরের দেওয়ানগঞ্জের বরখাল গ্রামের ইসমাইলের ছেলে রফিকুল (৩৫)।

পুলিশ জানায়, একটি ছোট নৌকাযোগে তিনজন যমুনা নদীর বরুল এলাকায় গেলে স্থানীয় জেলেরা তাদের চোর সন্দেহে ধাওয়া করেন। ধাওয়া খেয়ে তারা গুঠাইল এলাকায় পৌঁছালে সেখানকার জেলেরাও তাদের পিছু নেন। পরে উলিয়া এলাকায় তিনজনকে ধরে ফেলেন স্থানীয়রা। সেখানে তাদের মারধর করা হলে ঘটনাস্থলেই নুর মোহাম্মদ মারা যান। আহত হন অন্য দুজন।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‌‘ পেটানোর ঘটনায় একজন নিহত এবং দুজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।’