নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার: মৌলভীবাজারের রাজনগর উপজেলার মেলাগড় এলাকায় পুলিশের বিরুদ্ধে মোঃ আছকর আলীর বাড়িতে জোরপূর্বক প্রবেশ, তল্লাশির নামে ভাঙচুর এবং তাঁকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। গত ১৪ এপ্রিল স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে একদল পুলিশ সদস্য এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন আছকর আলী, তাঁর পরিবারের সদস্য এবং ঘটনার প্রত্যক্ষদর্শীরা।
স্থানীয় বাসিন্দা, আত্মীয়স্বজন ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, আছকর আলীর ছেলে মোঃ জসিম উদ্দিন এবং পুত্রবধূ সালেহা পারভীন স্থানীয় জাকির আলী ও তার সহযোগীদের হুমকি ও হয়রানির শিকার হয়ে আসছিলেন। সালেহা পারভীন একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। ২০২৩ সালের ১৮ জুলাই বিদ্যালয়ে পাঠদানকালে একজন ছাত্রীকে বোরকা খুলতে বলাকে কেন্দ্র করে জাকির আলী তাঁর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ তোলেন। পরবর্তীতে তাঁকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য করা, চাকরি থেকে বরখাস্ত করার দাবি এবং বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়।
পরিস্থিতির অবনতি হলে সালেহাকে অন্য বিদ্যালয়ে বদলি করা হয়। কিন্তু জাকির আলী ও তার সহযোগীরা নতুন কর্মস্থলেও তাঁকে খুঁজে বের করে এবং শারীরিকভাবে আক্রমণ করে বলে পারিবারিক সূত্রে জানা যায়। নিজের ও সন্তানদের নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি প্রথমে চট্টগ্রামে আশ্রয় নেন। পরবর্তীতে ৩ মার্চ ২০২৪ তারিখে স্বামী ও সন্তানদের নিয়ে বাংলাদেশ ত্যাগ করে কানাডায় চলে যান।
পরিবারের সদস্যদের অভিযোগ, তাঁরা দেশত্যাগ করার পরও হয়রানি বন্ধ হয়নি। ২০২৪ সালের জুন মাসের প্রথম সপ্তাহে তাঁরা জানতে পারেন যে, জসিম উদ্দিন ও সালেহা পারভীনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে এবং ওই মামলায় জাকির আলীকে সাক্ষী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। পরিবারের দাবি, পূর্ববর্তী বিরোধের জের ধরে তাঁদের হয়রানি করার উদ্দেশ্যে এ মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, ১৬ ডিসেম্বর ২০২৪ তারিখে মোঃ আছকর আলী একটি অজ্ঞাতনামা ফোনকল পান। ফোনে তাঁকে হুমকি দিয়ে বলা হয়, রাজনৈতিক পরিবর্তন হলেও তাঁর ছেলে ও পুত্রবধূকে কথিত অপরাধের শাস্তি থেকে রেহাই দেওয়া হবে না এবং তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়া হবে।
এরপর আছকর আলী স্থানীয় থানায় গিয়ে অভিযোগ জানালেও কার্যকর কোনো প্রতিকার পাননি বলে দাবি করেন। পরবর্তীতে আইনজীবীর পরামর্শে ৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে তিনি মৌলভীবাজারের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন এবং একই অভিযোগের অনুলিপি পুলিশ হেডকোয়ার্টার্সে পাঠান।
আছকর আলীর অভিযোগ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ পাঠানোর পর স্থানীয় পুলিশের আচরণ আরও প্রতিকূল হয়ে ওঠে। ২৬ মার্চ ২০২৫ তারিখে স্থানীয় থানার ওসি তাঁকে ফোন করে অভিযোগ প্রত্যাহার করতে বলেন। অভিযোগ প্রত্যাহার না করলে তাঁর পরিবারকে গুরুতর পরিণতির মুখোমুখি হতে হবে বলেও হুমকি দেওয়া হয়। এমনকি অভিযোগটি ভুলবশত এবং অন্যের প্ররোচনায় করা হয়েছিল বলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে তাঁকে নির্দেশ দেওয়া হয়। তবে আছকর আলী অভিযোগ প্রত্যাহার করতে অস্বীকৃতি জানান।
এরই ধারাবাহিকতায় গত ১৪ এপ্রিল ওসির নেতৃত্বে একদল পুলিশ সদস্য তাঁর পারিবারিক বাড়িতে যায় বলে অভিযোগ উঠেছে। আছকর আলী ও তাঁর পরিবারের সদস্যদের ভাষ্যমতে, পুলিশ সদস্যরা জোরপূর্বক বাড়িতে প্রবেশ করে বিভিন্ন কক্ষে তল্লাশি চালায় এবং আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র তছনছ করে। এ সময় তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। ঘটনার সময় উপস্থিত প্রত্যক্ষদর্শীদের কাছ থেকেও বাড়িতে পুলিশের প্রবেশ, তল্লাশি ও হামলার বিষয়ে তথ্য পাওয়া গেছে।
অভিযোগ অনুযায়ী, বাড়ি ত্যাগ করার আগে পুলিশ সদস্যরা আছকর আলীকে হুমকি দিয়ে জানায় যে, তাঁর ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে দায়ের করা মামলায় তাঁকেও আটক করে আসামি করা হতে পারে। পুলিশের বিরুদ্ধে অভিযোগ অব্যাহত রাখলে তাঁর পরিবারকে আরও গুরুতর পরিণতির মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করা হয়।
স্থানীয় কয়েকজন বাসিন্দা ও আত্মীয়স্বজন জানান, ঘটনার পর থেকে আছকর আলী ও তাঁর পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পরিবারের দাবি, নিরাপত্তা ও ন্যায়বিচারের আশায় পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করার পর উল্টো পুলিশি হয়রানি ও নির্যাতনের শিকার হওয়ায় তাঁরা আরও নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে স্থানীয় থানায় যোগাযোগ করা হলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন। তবে অভিযোগগুলোর বিষয়ে জেলা পুলিশ প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ভুক্তভোগী পরিবার ঘটনার নিরপেক্ষ তদন্ত, অভিযুক্ত পুলিশ সদস্যদের জবাবদিহি এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে।