অনলাইন ডেস্ক: দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৩২ শিশু। সোমবার (২৪ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হাম আক্রান্ত কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৩৯। একই সময়ে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৯ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা ৯৩৮।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৩ শিশু হামে আক্রান্ত হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে অসুস্থ হয়েছে ১ হাজার ১৪৯ শিশু।
এই সময়ে ১ হাজার ৫৫ জন শিশুকে নতুন করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিপরীতে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৯৪৬ শিশু।
১৫ মার্চ থেকে ২৪ আগস্ট পর্যন্ত দেশে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫০ হাজার ৬৫২। এ সময় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৮ হাজার ৪৮৭ জনের।
এ পর্যন্ত হামসহ বিভিন্ন উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৩১ হাজার ৬৬৪ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ২৬ হাজার ৯২১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।