সিলেট প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরের গোয়ালাবাজারে কানাডা প্রবাসী জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর বুরহান উদ্দিন শিকদার মাসুদের পৈতৃক বাড়িতে একদল উগ্র জনতা হিংস্র হামলা চালিয়েছে। গতকাল ২১ সেপ্টেম্বর বিকেলে এই হামলার ঘটনা ঘটে।
সম্প্রতি দেশের বিদ্যুৎ সংকট, লাগামহীন চাঁদাবাজি ও সামাজিক অস্থিতিশীলতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করার পর বুরহানের বিরুদ্ধে তীব্র ক্ষোভ সৃষ্টি করা হয়। স্থানীয় একটি গোষ্ঠী তাকে ‘র-এর এজেন্ট’ ও ‘ধর্ম অবমাননাকারী নাস্তিক’ আখ্যা দিয়ে অপপ্রচার চালায় এবং গত ১৬ সেপ্টেম্বর তার বিরুদ্ধে মিথ্যা ব্লাস্ফেমী মামলা দায়ের করে।
এরই ধারাবাহিকতায় গতকাল বিকেলে শতাধিক লোকের একটি উগ্র জনতা গোয়ালাবাজারের বাড়িতে চড়াও হয়ে বুরহানের খোঁজ করতে থাকে। সে দেশে নেই জানতে পেরে তারা বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় এবং সেখানে উপস্থিত বুরহানের ভাই মুরাদ শিকদারকে বেদম প্রহার করে গুরুতর আহত করে।
হামলাকারীদের প্রাণনাশের হুমকি ও চরম আতঙ্কে বুরহানের মা রুসনা বেগম ও তার ছোট ভাই জুবায়ের উদ্দিন ইমাদ অবিলম্বে ঘরবাড়ি ছেড়ে অন্য একটি জেলায় পালিয়ে গিয়ে আত্মগোপন করতে বাধ্য হয়েছেন। আহত মুরাদ শিকদার বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এবং ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় চাপা ভয় ও উত্তেজনা বিরাজ করছে।