সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ, পৌঁছে দিলেন প্রধানমন্ত্রীর চিঠি

খবরের ডাক ডেস্ক
প্রকাশিত আগস্ট ২৭, ২০২৬
সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ, পৌঁছে দিলেন প্রধানমন্ত্রীর চিঠি

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বৃহস্পতিবার (২৭ আগস্ট) জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ পরিষদের বৈঠকের ফাঁকে তাদের মধ্যে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উদ্দেশে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে একটি চিঠি হস্তান্তর করেন হুমায়ুন কবির।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিবাচক অগ্রগতিতে উভয় পক্ষ সন্তোষ প্রকাশ করে। একই সঙ্গে বিদ্যমান অংশীদারিত্বকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

হুমায়ুন কবির বলেন, বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর দুই দেশের মধ্যে বেশ কয়েকটি উচ্চপর্যায়ের সফর অনুষ্ঠিত হয়েছে। এসব সফর বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের নতুন সুযোগ সৃষ্টি করেছে। অদূর ভবিষ্যতে দুই দেশের মধ্যে সম্ভাব্য আরও উচ্চপর্যায়ের সফরের বিষয়েও তিনি উল্লেখ করেন।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরবের অগ্রাধিকারপ্রাপ্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। তিনি দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বাংলাদেশে সৌদি কোম্পানিগুলোর ক্রমবর্ধমান আগ্রহের কথা উল্লেখ করে বিনিয়োগ ও ব্যবসায়িক সম্পৃক্ততা আরও বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন।