ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশিসহ ৪৭ অভিবাসী উদ্ধার

খবরের ডাক ডেস্ক
প্রকাশিত আগস্ট ১১, ২০২৬
ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশিসহ ৪৭ অভিবাসী উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপে যাওয়ার পথে ভূমধ্যসাগরে বিপদে পড়া ১৫ বাংলাদেশিসহ ৪৭ জনকে উদ্ধার করেছে ডেনমার্কের বাণিজ্যিক জাহাজ ‘মায়েরস্ক’। উদ্ধার হওয়া অন্য ৩২ জন মিশরের নাগরিক। পরে তাদের মিশরীয় নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

নৌবাহিনী উদ্ধার হওয়া ব্যক্তিদের পোর্ট সাঈদ সিকিউরিটি সেন্টারে নিয়ে যায়। বিষয়টি জানার পর বাংলাদেশ দূতাবাস দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেয়।

সম্প্রতি কায়রোতে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত গৌতম কুমার দে এবং প্রথম সচিব (শ্রম) মো. জাকির হোসেন পোর্ট সাঈদে গিয়ে সুয়েজ ক্যানাল কর্তৃপক্ষের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ও পোর্ট সাঈদ সিকিউরিটি সেন্টারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে আটক বাংলাদেশিদের পরিচয় ও পরিস্থিতি সম্পর্কে তথ্য নেওয়ার পাশাপাশি আইনি সহায়তা এবং দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়।

পোর্ট সাঈদ সিকিউরিটি সেন্টারের পুলিশ প্রধান দূতাবাসের কর্মকর্তাদের জানান, ভূমধ্যসাগর থেকে উদ্ধার হওয়া ১৫ বাংলাদেশি তাদের হেফাজতে রয়েছেন। পরে দূতাবাসের প্রতিনিধিরা তাদের সঙ্গে সরাসরি কথা বলে সমুদ্রযাত্রা ও উদ্ধারের পুরো ঘটনা সম্পর্কে তথ্য সংগ্রহ করেন।

বাংলাদেশিদের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২২ থেকে ২০২৬ সালের বিভিন্ন সময়ে তারা আলাদাভাবে লিবিয়ায় যান। সেখানে ইউরোপে অনিয়মিতভাবে প্রবেশের আশায় কেউ মানবপাচারকারী চক্রের সঙ্গে যোগাযোগ করেন। আবার কেউ লিবিয়ার বিভিন্ন মাফিয়া গোষ্ঠীর হাতে আটক হওয়ার পর তাদের মাধ্যমেই ইউরোপে যাওয়ার চেষ্টা করেন।